প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে: অর্থমন্ত্রী

জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জ্বালানি সংকট ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বিঘ্ন দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

রোববার (৫ মার্চ) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বহুপক্ষীয় পরামর্শ সভার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই প্রভাব শুধুমাত্র জ্বালানি খাতে সীমাবদ্ধ থাকবে না; খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়বে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে।

মন্ত্রী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ এখনো তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবে দীর্ঘমেয়াদে এই চাপ বহন করা সহজ নয়।” তিনি আরও জানান, সরকারি তহবিল থেকে ধারাবাহিক ব্যয় চলতে থাকলে এর প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপর পড়বে।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো অত্যন্ত সচেতনতার সঙ্গে নিতে হবে, যাতে একদিকে জনগণের স্বার্থ রক্ষা হয় এবং অন্যদিকে অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাও নিশ্চিত থাকে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের অর্থনীতির প্রায় সব সূচকই নিম্নমুখী। জ্বালানি ভর্তুকি, বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি এবং আমদানি নির্ভরতার কারণে চাপ আরও বাড়ছে। তবে প্রয়োজনীয় সংস্কার ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো হবে।

সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা মিজ রাবাব ফাতিমা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা