দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, এর আগে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দুই সিটি করপোরেশন ও দুই জেলায় এ কার্যক্রম চালু করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় প্রথম ধাপে টিকাদান শুরু হবে। পরবর্তী সময়ে এটি ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, ৩ মে থেকে বাকি জেলা ও উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে, যাতে শিশুরা ঝুঁকিতে না পড়ে। বর্তমান প্রাদুর্ভাবের মাত্রা তিনি করোনার মহামারির তুলনায়ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে। তাই জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত শিশুকে টিকার আওতায় আনা।