রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা, যার ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কো এলাকার মাঝামাঝি স্থানে নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক বেতন দাবিতে সড়কে নেমে আসেন। এতে মহাখালী থেকে উত্তরা এবং বিপরীতমুখী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বেলা ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
এ সময় যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহার করার জন্য গাড়িচালকদের পরামর্শ দেওয়া হয়। উত্তরা-মহাখালী রুটে চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের কথা বলা হয়। এছাড়া মহাখালী ফ্লাইওভার এবং গুলশান-বনানী এলাকার সড়কগুলো বিকল্প রুট হিসেবে ব্যবহার করা হয়।