প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্পেশাল ফোর্সের বিমান বিধ্বস্তের দাবি ইরানের

স্পেশাল ফোর্সের বিমান বিধ্বস্তের দাবি ইরানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ অভিযানের মধ্যেই আরেকটি মার্কিন বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান।

রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে—দক্ষিণাঞ্চলীয় ইসফাহান এলাকায় যুক্তরাষ্ট্রের একটি বিমান গুলি করে নামানো হয়েছে। ফারস নিউজ এজেন্সি এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করে, যেখানে একটি মাঠে ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইরানি সূত্রের দাবি, নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে খুঁজতে গিয়ে এই বিমানটি ভূপাতিত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে উদ্ধার অভিযানের সময় একাধিক সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশেষ করে কোহগিলুয়েহ অঞ্চলের দেহদাশত শহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। ওই এলাকাতেই কয়েকদিন আগে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে জানা গেছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, এসব হামলায় অন্তত চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। তবে অনানুষ্ঠানিক সূত্রে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলমান সংঘাতের মধ্যে এই উদ্ধার অভিযান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা