প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাঠে নামছে বাংলাদেশ খেলাফত মজলিস: নতুন কর্মসূচি ঘোষণা

মাঠে নামছে বাংলাদেশ খেলাফত মজলিস: নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

গণভোটের রায় কার্যকরের দাবিতে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি এবং ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা মামুনুল হক এবং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ।

সভাপতির বক্তব্যে মামুনুল হক অভিযোগ করেন, গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তা বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না। বরং সংবিধান আংশিক সংশোধনের মাধ্যমে কর্তৃত্ববাদী প্রবণতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে গণভোটের রায় উপেক্ষা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। পৃথিবীর অন্য কোনো দেশে জনগণের মতামতের প্রতি এমন অবহেলার নজির নেই বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে নেতারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ এখন বাতিল বা সংশোধন করা হচ্ছে, যা গণভোটের চেতনাবিরোধী। এছাড়া সংস্কৃতি বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করা হয়।

দেশের জ্বালানি সংকট ও শিশুদের জীবনরক্ষাকারী টিকার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান নেতারা।

বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং শেষে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা