চলমান সংঘাতের মধ্যে ইরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। একটি তৃতীয় পক্ষের মধ্যস্থতায় এ প্রস্তাব পাঠানো হয় বলে জানিয়েছে ফারস নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) একটি বন্ধুসুলভ দেশের মাধ্যমে এই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন বাহিনীর ওপর বাড়তে থাকা চাপের প্রেক্ষাপটেই এই উদ্যোগ নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।
তবে ইরান এ প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক বা লিখিত জবাব দেয়নি। বরং সামরিক তৎপরতা আরও বাড়িয়ে প্রতিক্রিয়া জানায় তারা। একই সঙ্গে কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র তাদের প্রচেষ্টা জোরদার করেছে বলে জানা গেছে।
বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র আরও সক্রিয়ভাবে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালানোর পর থেকে সংঘাত তীব্র আকার ধারণ করে। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বহু মানুষের প্রাণহানির দাবি করা হয়েছে।
এর জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাশাপাশি বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।