প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে চীনের সহায়তা

ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে চীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র চলমান সংঘাতের মধ্যেই নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে চীন থেকে আসা ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামালবাহী জাহাজের তথ্য। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের পতাকাবাহী অন্তত চারটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ দেশটির বিভিন্ন বন্দরে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ উপকূলে অবস্থান করছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব জাহাজে সোডিয়াম পারক্লোরেট নামের একটি রাসায়নিক রয়েছে, যা ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। জাহাজগুলো চীনের ঝুহাইয়ের গাওলান বন্দর থেকে যাত্রা শুরু করে নজরদারি এড়িয়ে ইরানে পৌঁছায়।

জানা গেছে, জাহাজগুলো ইরানের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানির অন্তর্ভুক্ত, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সাধারণত মানবিক সহায়তার ক্ষেত্রে এমন জাহাজ ব্যবহার করা না হলেও, এই চালানকে বিশ্লেষকরা বৃহত্তর ভূ-রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধে ইরান দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় তাদের জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। এই চালান থেকে ইরান শত শত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে।

তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের উৎপাদন অবকাঠামো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলা সত্ত্বেও ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি উৎপাদন অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে, তাহলে এসব কাঁচামালের ব্যবহার সীমিত হয়ে যেতে পারে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সংঘাত মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা