জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার কাছে অপ্রত্যাশিত নয়, বরং এটি আগেই অনুমান করেছিলেন।
শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “ওমরাহতে যাওয়ার আগেই বুঝতে পেরেছিলাম সামনে কী হতে যাচ্ছে। ৫ আগস্ট থেকেই এসব ঘটনার সূচনা হয়েছে।”
তিনি অভিযোগ করেন, তাদের দল যেখানে সংস্কারের দাবি তুলেছিল, সেখানে বিএনপি নির্বাচনকে প্রাধান্য দিয়েছে। তার ভাষ্য মতে, দুই-তৃতীয়াংশ ভোট পাওয়ার পরও সরকার গণভোটের ফলাফলকে গুরুত্ব দিচ্ছে না এবং জুলাই সনদের আলোকে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যাদেশ সংসদে উত্থাপন না করে বাতিল করা হচ্ছে। এর মধ্যে গুম প্রতিরোধ আইন, জাতীয় মানবাধিকার সংশ্লিষ্ট অধ্যাদেশ ও সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
নাহিদ ইসলাম দাবি করেন, এসব অধ্যাদেশ আইনে পরিণত না হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ওপর থাকা বিতর্ক দূর হবে না। একই সঙ্গে তিনি বলেন, গত ১৬ বছর জনগণ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্দোলনে আস্থা রাখেনি বলেই প্রত্যাশিত সাড়া মেলেনি।