রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আব্দুল করিম জানান, সাকিবুল রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলের সময় সে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা বগুড়ার শাহজাহানপুর থানা এলাকার বাসিন্দা হলেও তারা ঢাকার শান্তিবাগের ১৫০/১ নম্বরে থাকেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।