দেশের বিদ্যমান জ্বালানি সংকট মোকাবেলায় চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজের আগমন অব্যাহত রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের মালয়েশিয়ার একটি অয়েল ট্যাংকার ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে।
জাহাজটি গভীর ড্রাফটের কারণে সরাসরি জেটিতে ভিড়তে না পারায়, বহির্নোঙরে থেকে লাইটারিং পদ্ধতিতে প্রথম ধাপে ৫-৬ হাজার টন ডিজেল খালাস করা হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর রোববার বড় জাহাজটি পতেঙ্গা ডলফিন জেটিতে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে একই দিন দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী জাহাজ ৬ নম্বর ডলফিন জেটিতে খালাস শুরু করেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের চলমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোর বার্থিং অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, পাইপলাইন ও নতুন আমদানি উদ্যোগের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি ঘাটতি এড়ানো হচ্ছে।