ইরান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ১৬০টিরও বেশি শত্রু ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। শুক্রবার (০৪ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় আকাশ প্রতিরক্ষা যৌথ সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল অলিরেজা এলহামি বলেছেন, দেশটি আধুনিক দেশীয় প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোন মোকাবিলা করছে। ভূপাতিত ড্রোনগুলোর মধ্যে রয়েছে হার্মিস ড্রোন ও লুকাস মডেল ড্রোন। এলহামি আরও জানিয়েছেন, নতুন প্রতিরক্ষা প্রযুক্তি এবং কৌশলের কারণে শত্রু বিভ্রান্ত হয়েছে এবং বর্তমানে ইরানের আকাশসীমা আরও সুরক্ষিত।
এর আগে একদিনে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫টি ড্রোন-যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হয়েছে। ইসলামিক রেভুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, খোমেইন ও জানজান অঞ্চলে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ইসফাহানে দুটি এমকিউ-৯ রিপার ড্রোন এবং বুশেহরে একটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, মধ্য ইরানে একটি উন্নত যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে এবং পাইলট নিখোঁজ। এছাড়া হরমুজ প্রণালির কাছে একটি এ-১০ থান্ডারবোল্ট II যুদ্ধবিমানও গুলি করে ভূপাতিত হয়েছে।
ইরান জানিয়েছে, এসব প্রতিরোধমূলক পদক্ষেপ তাদের আকাশসীমা সুরক্ষিত রাখতে এবং ওপর চালানো হামলার জবাব দিতে নেওয়া হয়েছে।