প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পূর্ব বিরোধের জেরে হামলা ও লুটপাট: আদালতে মামলা দায়ের

পূর্ব বিরোধের জেরে হামলা ও লুটপাট: আদালতে মামলা দায়ের
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মুনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী লাল চান (লালু মিয়া) বাদী হয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) কাজীপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলায় মৃত দানেছ মণ্ডলের ছেলে আফছার আলীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ১০ জনকে নাম উল্লেখ এবং ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিনের সামাজিক ও ব্যবসায়িক বিরোধের জের ধরে বুধবার (১ এপ্রিল) রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লালু মিয়ার মুদি দোকানে হামলা চালায়। দোকান ভাঙচুর করে প্রায় ৪ লাখ ২৯ হাজার টাকার মালামাল লুট করা হয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

হামলাকারীরা পরে লালু মিয়ার বসতবাড়িতে ঢুকে দরজা-জানালা ভাঙচুর করে নগদ প্রায় ১৫ লাখ টাকা এবং আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। বিভিন্ন সামগ্রীও ভাঙচুর করা হয়। ভুক্তভোগী দাবি করেছেন, হামলায় মোট প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযুক্ত আফছার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, লালু মিয়া পেট্রোল মজুদ রেখে বেশি দামে বিক্রি করছিলেন, এতে স্থানীয়রা বাধা দিলে তিনি উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।

স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোতাহার হোসেন বলেন, চাঁদা না পেয়ে একটি চক্র এ হামলা চালিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা