প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে: এ্যানি

জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে: এ্যানি
ফয়সাল মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল একটি বিপ্লব। “বিপ্লবটি সম্পূর্ণ হয়নি। যদি তখন এটি দূরদর্শী পরিকল্পনার আলোকে সমাপ্ত হতো, তবে স্বনির্ভর বাংলাদেশ আজও অব্যাহত থাকতো। এখন অসমাপ্ত কাজটি তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে।”

(৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনের আগে মন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকার ১২.৬ কিলোমিটার সি-খাল পুনঃখনন কার্যক্রমের শুভসূচনা করেন।

মন্ত্রী বলেন, খাল খনন করতে গিয়ে দেখা গেছে খালের মাঝখানে দোকান-বাড়িঘর ও কলকারখানার বর্জ্য পড়ে আছে। “যদি স্বনির্ভর বাংলাদেশের কাজ অব্যাহত থাকতো, তবে খালের মধ্যে এ ধরনের বাধা হতো না। এখন খাল খনন হলে জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিকাজে লক্ষাধিক মানুষ উপকৃত হবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক এবং পানি উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান প্রমুখ।

জানা গেছে, খালটির পুনঃখননে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। খাল খনন হয়ে গেলে হামছাদী ও রায়পুরের বামনী ইউনিয়নসহ চারটি ইউনিয়নের কৃষক ও সাধারণ মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। খালের প্রস্থ হবে ২০ থেকে ৩৫ মিটার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা