যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ও ইরানের তেল নিয়ে মন্তব্য করে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করেছেন।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, আরও কিছু সময় পেলে যুক্তরাষ্ট্র সহজেই হরমুজ প্রণালি পুনরায় চালু করতে পারবে এবং ইরানের তেল নিয়ন্ত্রণে নিতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, এমনটি সম্ভব হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় পরিবর্তন আসবে এবং যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বে তেল পরিবহনের অন্যতম প্রধান রুট, যেখানে বৈশ্বিক সরবরাহের উল্লেখযোগ্য অংশ চলাচল করে। বর্তমানে ইরান এই প্রণালির ওপর প্রভাব বিস্তার করায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে।
সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সংকীর্ণ এই জলপথে সামরিক উপস্থিতি বজায় রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা থাকে।
এদিকে, ট্রাম্পের ‘ইরানের তেল দখল’ সংক্রান্ত বক্তব্য আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, একটি দেশের প্রাকৃতিক সম্পদের মালিকানা সেই দেশেরই।
চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরান এখনো তাদের অবস্থান ধরে রেখেছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রেখেছে। একই সঙ্গে তারা বিভিন্ন স্থানে পাল্টা হামলাও চালিয়ে যাচ্ছে।