প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মেইল-ইন ভোটিং নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৩ অঙ্গরাজ্যের মামলা

মেইল-ইন ভোটিং নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৩ অঙ্গরাজ্যের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

মেইল-ইন ভোটিং ব্যবস্থায় নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ২৩টি ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি যৌথভাবে মামলা দায়ের করেছে।

মামলায় নেতৃত্ব দেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। তাদের অভিযোগ, নতুন নির্বাহী আদেশটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করতে পারে।

অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর হাতে ন্যস্ত। প্রেসিডেন্টের এ ধরনের নির্দেশনা দেওয়ার এখতিয়ার নেই। একইসঙ্গে, নির্বাচনসংক্রান্ত বড় কোনো পরিবর্তন আনার ক্ষমতা কংগ্রেসের অধীন।

নতুন আদেশে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে জাতীয় পর্যায়ে ভোটার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এবং ডাক বিভাগকে শুধুমাত্র যাচাইকৃত ভোটারদের কাছে মেইল-ইন ব্যালট পাঠানোর কথা বলা হয়েছে।

ভোটাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর আশঙ্কা, এই পদ্ধতিতে অসম্পূর্ণ বা ভুল তথ্যের কারণে অনেক যোগ্য ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

এদিকে, অতীতে ভোট জালিয়াতি নিয়ে ট্রাম্পের অভিযোগ থাকলেও বিভিন্ন স্বাধীন গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনার হার খুবই সীমিত।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই আইনি লড়াই শুরু হয়েছে। এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সমীকরণ বদলে গেলে ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ আরও বাড়তে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা