ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবের পূর্বাঞ্চলে সাময়িক সতর্কতা জারি করা হয়েছিল। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেয়। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সতর্কতা প্রত্যাহার করা হয়।
কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঝুঁকির কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানিয়েছে।
এদিকে ইরান দাবি করেছে, একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুটি যুদ্ধবিমান, দুটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়, খোমেইন ও জানজান অঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এছাড়া ইসফাহানে দুটি এমকিউ-৯ রিপার ড্রোন এবং বুশেহরে একটি হারমেস ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আরও জানানো হয়, মধ্য ইরানে একটি উন্নত যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে এবং এর পাইলট নিখোঁজ রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির কাছাকাছি একটি এ-১০ থান্ডারবোল্ট II যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবিও করেছে ইরান।