ইরানে ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে দেশটিতে বিশেষ অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। শুক্রবার (৩ এপ্রিল) রাতে এই অভিযান শুরু হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের আকাশসীমায় বিমানটি ভূপাতিত হওয়ার পর দুই ক্রু সদস্য বের হয়ে আসতে সক্ষম হন। তাদের উদ্ধারে দ্রুত অভিযান চালানো হয়, যেখানে সামরিক হেলিকপ্টার ও জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নেয়। তবে ইরানি বাহিনীর গুলিতে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো নিরাপদে ফিরে যায়।
এ পর্যন্ত একজন ক্রুকে উদ্ধার করা গেলেও অন্যজনের অবস্থান এখনো অজানা। ইরানি স্থানীয় গণমাধ্যমে নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও জানা গেছে।
এদিকে উদ্ধার অভিযানের সময় আরও সংঘর্ষের ঘটনা ঘটে। একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান হামলার শিকার হলে পাইলট প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন এবং পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে অংশ নেওয়া হেলিকপ্টারের কয়েকজন ক্রু আহত হয়েছেন।
বর্তমানে নিখোঁজ পাইলটকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।