প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিজেকে খুঁজে পেতে চান ফাতিমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬

ফাতিমা সানা শেখ। বলিউডের গ্ল্যামার! আলোর ঝলকানির পেছনেও যে এক গভীর আত্মানুসন্ধানের গল্প থাকে, তা আরও একবার মনে করিয়ে দিলেন তিনি । শিশুশিল্পী হিসেবে ‘চাচি ৪২০’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় হাতেখড়ি, এরপর ‘দঙ্গল’ কন্যা হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা ফাতিমার ক্যারিয়ারের গ্রাফটা বেশ ঈর্ষণীয়। তবে এই দীর্ঘ পথচলায় তিনি কেবল একজন অভিনেত্রী হিসেবে নন, বরং একজন মানুষ হিসেবে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টাকেই প্রাধান্য দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই এ-লিস্টার অভিনেত্রী। ফাতিমার মতে, ‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে।’ এই ভাবনা থেকেই তিনি বর্তমানে তার চরিত্র নির্বাচনে আনছেন ভিন্নতা। ‘গুস্তাখ ইশ্‌ক’-এর মতো ভিন্নধর্মী কাজগুলোই এখন তার ধ্যানজ্ঞান।

সাধারণত অভিনয়শিল্পীরা সহজ চরিত্রে কাজ করতে পছন্দ করলেও ফাতিমার রুচি কিছুটা ভিন্ন। তিনি জানান, এমন গল্পের প্রতি তিনি বেশি আকৃষ্ট হন, যেগুলো তাকে মানসিকভাবে কিছুটা অস্বস্তি দেয়। ফাতিমার ভাষ্যমতে, সেই অস্বস্তিই তাকে নতুনভাবে ভাবতে শেখায় এবং একজন শিল্পী হিসেবে পরিণত করে তোলে।

পর্দায় নিজেকে উজাড় করে দিলেও বাস্তবের মাটির কাছাকাছি থাকতেই বেশি ভালোবাসেন এই অভিনেত্রী। ফাতিমা সানা বলেন যে, অভিনয় তার পরিচয়ের বড় অংশ হলেও, সেটাই তার একমাত্র পরিচয় নয়। তার কথায়, ‘আমি একজন মেয়ে, একজন বন্ধু, একজন মানুষ যিনি নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসেন। অভিনয়ের বাইরেও আমার নিজস্ব জীবন রয়েছে, নিজের পছন্দ-অপছন্দ আছে।’

অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিতে ভুলছেন না তিনি। বর্তমানে ফোটোগ্রাফি শিখছেন ফাতিমা। অনেক সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার চেয়ে লেন্সের পেছনে থেকে দৃশ্যবন্দি করতেই তার বেশি ভালো লাগে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা