প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রতি লিটার ৩০০ টাকায় মুদি দোকানে মিলছে অকেটন!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬

প্রতি লিটার অকটেন ৩০০ টাকা দরে মুদি দোকানে বিক্রি করায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভার ১নং বেড়াডাঙ্গা চরকেষ্টপুর এলাকায় মেসার্স জমশেদ স্টোরে এই অভিযান চালানো হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবুবকর সিদ্দিক।

জানা গেছে, রাজবাড়ী পৌরসভার ১নং বেড়াডাঙ্গা চরকেষ্টপুর এলাকার মুদি দোকান মেসার্স জমশেদ স্টোরের মালিক বিভিন্ন প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে অকটেন ও পেট্রোল ক্রয় করে তা মজুত করেন। পরবর্তীতে এই তেল গ্রাহকদের কাছে ৩০০ টাকা লিটার বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় মেসার্স জমশেদ স্টোরের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবুকর সিদ্দিক বলেন, সরকারি বিধি লংঙ্ঘন করে তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে মুদি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাকে সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন, পেশকার মোহাম্মদ আতিয়ার রহমানসহ আনসার বাহিনীর সদস্যরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা