ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযানকালে মগবাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ করার সময় ৮০ বছর বয়সী নাঈমুদ্দিনের একমাত্র আশ্রয়স্থলও উচ্ছেদ করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি হস্তক্ষেপ করেন। তিনি ‘আমরা বিএনপি পরিবার’-কে নাঈমুদ্দিনের স্থায়ী বাসস্থান, চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, বৃহস্পতিবার বেলা ১১:১৩ মিনিটে প্রধানমন্ত্রী নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং আজীবন পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।
বর্তমানে নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। তার জন্য রাজধানীর মগবাজারের কাছাকাছি স্থায়ী বাসস্থান ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। একটি মানবিক প্রতিবেদন থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।