দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে আতঙ্কের কারণে মানুষ স্বাভাবিকের চেয়ে বেশি তেল কিনছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগে দেড়দিনে যে পরিমাণ তেল বিক্রি হতো, এখন তা মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয়ে যাচ্ছে। এর পেছনে আতঙ্কই প্রধান কারণ।
তিনি আরও বলেন, নির্ধারিত পরিমাণ অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে, তাই জ্বালানির ঘাটতির খবর সঠিক নয়।
বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুতের অপচয় কমানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিপণিবিতানের বাহিরের আলোকসজ্জা বন্ধ রাখা এবং এসি ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করছে বলেও জানান তিনি। ইরান পরিস্থিতির কারণে কিছুটা চাপ তৈরি হলেও নতুন চালান আসার মাধ্যমে তা সামাল দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।