শোবিজ জগত থেকে সরে এসে ধর্মীয় জীবনযাপন শুরু করা আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবাকে ঘিরে সম্প্রতি বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে নিজেই মুখ খুলে সব জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি।
লুবাবা জানান, তার বিয়ে হয়নি; পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা—দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী দান করেছেন।”
এই পোস্টের পর থেকেই অনেকেই ধারণা করেছিলেন তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি আরও জোরালো হয় যখন চিত্রনায়িকা বর্ষা তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করেন।
তবে পরে লুবাবা স্পষ্ট করে জানান, “আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বাগদান সম্পন্ন হয়েছে।” তিনি আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আইন মেনে ভবিষ্যতে তাদের বিয়ে সম্পন্ন হবে।
এদিকে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন নতুন জীবনের এই অধ্যায়ের জন্য।