প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিলেটের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট

সিলেটে পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট
সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬

মোবাইল কোর্টের অভিযানে জরিমানা এবং চাঁদাবাজির অভিযোগে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত থেকে এই কর্মসূচি কার্যকর হওয়ায় পুরো বিভাগে জ্বালানি সরবরাহে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জ্বালানি সংকট এবং চাঁদাবাজির অভিযোগে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন ট্রাকচালকরা। সড়কের মাঝখানে ট্রাক রেখে এই অবরোধ চালানো হচ্ছে, ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পাম্প মালিকদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের নামে নিয়মিত জরিমানা করা হচ্ছে, যা তারা ‘চাঁদাবাজি’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না থাকায় তারা আগে থেকেই চাপে ছিলেন। এর মধ্যে ধারাবাহিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তাদের দাবি, প্রশাসনের বিভিন্ন শর্ত, ট্যাগ অফিসার নিয়োগ এবং ডিপোতে বিজিবি মোতায়েনের মতো পদক্ষেপ ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করছে। পাশাপাশি কিছু কর্মকর্তার অসহযোগিতার অভিযোগও তোলা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে সিলেট নগরের একটি পেট্রোল পাম্পে জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে অতিরিক্ত পেট্রোল মজুদের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাম্প মালিকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ চরমে পৌঁছায় এবং ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমান পরিস্থিতিতে সিএনজি, এলপিজিসহ সব ধরনের জ্বালানি স্টেশন পরিচালনা সম্ভব নয় বলে জানিয়েছেন পাম্প মালিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সমস্যা সমাধানে সন্ধ্যা থেকে প্রশাসনের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান না আসায় রাতে জরুরি বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

হঠাৎ এ ধর্মঘটে সিলেটজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এতে গণপরিবহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা