সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বার্তা প্রেরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে চিঠিটি তুলে দেন।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থ এবং টেকসই উন্নয়নের লক্ষ্য তুলে ধরা হয়।
বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের এই অবস্থানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, বাংলাদেশ তাদের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। তিনি আরও জানান, দুই দেশের জনগণের কল্যাণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি, জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।