ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেছেন বলে যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা ইরানের পক্ষ থেকে সরাসরি অস্বীকার করা হয়েছে। বুধবার ইরানের সরকারি এক কর্মকর্তা বলেন, তেহরান কোনও যুদ্ধবিরতি চাওয়ার প্রস্তাব দেয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি আলি হাশেম জানিয়েছেন, তিনি একজন ইরানি কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন, যিনি স্পষ্টভাবে বলেন যে তেহরান ট্রাম্পের দাবিকে অস্বীকার করছে।
এর আগে, মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জানিয়েছিলেন, ইরান কোনও সাময়িক যুদ্ধবিরতি খুঁজছে না, বরং যুদ্ধের স্থায়ী সমাপ্তি চায়। তেহরান শুরু থেকেই এই অবস্থানে অনড় রয়েছে এবং দেশটি ঘোষণা করেছে যে, অন্তত ছয় মাসের দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।
ইরানের ব্যাখ্যা অনুযায়ী, সাধারণ যুদ্ধবিরতি কোনও স্থায়ী সমাধান দিতে পারবে না। এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুনরায় সংগঠিত হয়ে আবারও হামলার সুযোগ পাবে। তাই ইরান চায় এই সংঘর্ষের চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তি।
এদিকে, ট্রাম্প বুধবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন! হরমুজ প্রণালি যখন উন্মুক্ত ও নিরাপদ হবে, তখনই আমরা বিবেচনা করব। এর আগে আমরা ইরানকে ধ্বংস করে দেব, অথবা তারা যেমন বলে প্রস্তর যুগে পাঠানো হবে।”