রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে আকাশ কালো হয়ে যায় এবং ঝড়ো হাওয়ার সঙ্গে ধুলিঝড় বইতে শুরু করে। রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির সঙ্গে শিলা পড়া, বজ্রপাত এবং বিদ্যুতের ঝলকানি দেখা গেছে। ভারি বৃষ্টির কারণে পথচারী এবং ফুটপাতের খুচরা দোকানি ভোগান্তিতে পড়েন।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামীদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে:
বৃহস্পতিবার (২ এপ্রিল): সিলেটের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়-বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অন্যত্র আংশিক মেঘলা এবং প্রধানত শুষ্ক। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৩ এপ্রিল): সিলেটের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়-বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। অন্যান্য স্থানে আংশিক মেঘলা, প্রধানত শুষ্ক। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (৪ এপ্রিল): সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা, প্রধানত শুষ্ক। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার (৫ এপ্রিল): ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়-বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। অন্যত্র আংশিক মেঘলা, প্রধানত শুষ্ক।