প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ নাগরিক জীবন

ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ নাগরিক জীবন
তাসকিন আহমেদ তানজিদ,ময়মনসিংহ জেলা জু/মা/জা
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নগরীর বিভিন্ন অঞ্চলে ছিনতাই, খুন, মাদক ও সহপাঠী সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন ও মঞ্জুরুল আহসান (রিয়াদ) ব্রহ্মপুত্র নদ পাড়ে বেড়াতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। রিয়াদ সাঁতরে বাঁচলেও নুরুল্লাহ সাঁতার না জানায় প্রাণ হারান। হামলাকারীরা নুরুল্লাহর মোবাইলসহ সমস্ত সম্পদ নদীতে ফেলে। অভিযুক্ত সাত জন কিশোরের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে, এবং তারা বিভিন্ন বিদ্যালয়ের সপ্তম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।

এছাড়াও, ২৪ ফেব্রুয়ারি কলেজছাত্র শোবাশশীর ইসলাম সাদের কাছ থেকে অটোরিকশায় ছিনতাই হয়। গত ৩ জানুয়ারি জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত নিলয়কে সহপাঠীরা ছুরিকাঘাত করে। অভিযোগ অনুযায়ী, নিলয়কে তাদের দলে অন্তর্ভুক্ত করতে চাওয়া হলেও সে রাজি হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, কিশোররা দলবেঁধে মাদক, মারধর ও ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে। ২০২৫ সালে ময়মনসিংহে ১১১টি হত্যার মধ্যে অন্তত ২০টি ছিনতাই সম্পর্কিত। ছিনতাইয়ের মামলা হয়েছে ৬০টি, গ্রেফতার ৪৬৭ জন, যাদের মধ্যে ৩৬২ জন নগরের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

নগরীর শম্ভুগঞ্জ, ব্রিজ মোড়, কেওটখালী, বাকৃবি শেষ মোড়, সানকিপাড়া, মীরবাড়ী, কলেজ রোড, কাশর রোড, বাইপাস মোড়, গাঙ্গিনারপাড়, স্টেশন রোড ও পুরোহিতপাড়া এলাকায় ছিনতাইয়ের ঘটনা সবচেয়ে বেশি। স্থানীয়রা সতর্ক থাকার পাশাপাশি পুলিশের দ্রুত পদক্ষেপ দাবি করছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, “কিশোর গ্যাংগুলো অপ্রাপ্তবয়স্ক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এদের মাদক ব্যবহার ও সহিংসতা রোধে সফটলি হ্যান্ডল করতে হচ্ছে। তবে পুলিশ দিনরাত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করছে।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা