প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ: স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত

সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ: স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বসতবাড়ির জমিতে ঘর নির্মাণের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পৌরসভার বলারদিয়ার মাদুর মোড় নতুন রাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— আমিনুল ইসলাম (২৮), তার স্ত্রী সুপ্তি খাতুন (২৩) এবং মা খুদেজা বেগম (৬৫)। গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার জিয়াউল হক ও আমিনুল ইসলামের সঙ্গে প্রতিবেশী রফিকুল ইসলামের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে দখল নেওয়ার চেষ্টা করার পর ভুক্তভোগীরা আদালতের সাহায্য নেন। আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিকেলে রফিকুল ইসলাম ও তার লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করেন। বাধা দেওয়ার চেষ্টা করলে আমিনুল ইসলামকে মারধর করা হয়। তার চিৎকারে স্ত্রী ও মা এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেছেন, এই সময় শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।

ঘটনার পর রাতেই জিয়াউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা