প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৫৩ বছর পর চাঁদের পথে মানুষ

৫৩ বছর পর চাঁদের পথে মানুষ নাসা-র আর্টেমিস টু মিশনে নতুন ইতিহাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

দীর্ঘ ৫৩ বছর পর আবারও মানুষকে চাঁদের কক্ষপথে পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের মাধ্যমে চাঁদে নভোচারী পাঠানো হয়েছিল। এরপর এই প্রথম মানবসহ নতুন চন্দ্রাভিযান শুরু করতে যাচ্ছে নাসা।

বার্তা সংস্থা এএফপি জানায়, আর্টেমিস টু মিশনের অংশ হিসেবে বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে চার নভোচারী মহাকাশ যাত্রা শুরু করবেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা ২৪ মিনিটে উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে।

এই অভিযানে অংশ নিচ্ছেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ। তাদের সঙ্গে রয়েছেন কানাডার জেরেমি হ্যানসেন। তিন পুরুষ ও এক নারী নভোচারীর এই দল মহাকাশ অভিযানে নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে।

প্রায় ১০ দিনের এই মিশনে মহাকাশযানটি চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবে। তবে এবার চাঁদে অবতরণ করা হবে না; ১৯৬৮ সালের অ্যাপোলো ৮-এর মতো কক্ষপথ ঘোরাই মূল লক্ষ্য।

এই অভিযানে ব্যবহৃত হচ্ছে নাসার শক্তিশালী নতুন রকেট স্পেস লঞ্চ সিস্টেম (SLS), যা ভবিষ্যতের একাধিক চন্দ্রাভিযানের জন্য প্রস্তুত করা হয়েছে।

 

 

 

সংশ্লিষ্টদের আশা, এই মিশনের মাধ্যমে ২০২৮ সালের মধ্যে চাঁদে নভোচারী অবতরণ এবং নিরাপদে ফিরে আসার পথ আরও সুগম হবে। আর্টেমিস প্রকল্প-এর চূড়ান্ত লক্ষ্য হলো চাঁদে একটি স্থায়ী ঘাঁটি স্থাপন করা।

সংবাদ সম্মেলনে নভোচারী ক্রিস্টিনা কচ জানান, চাঁদে অভিযানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে মঙ্গল গ্রহেও অভিযান পরিচালনা করা হবে। সেখানে অতীতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাও অনুসন্ধান করা হতে পারে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম কোনো চন্দ্রাভিযানে একজন নারী, একজন কৃষ্ণাঙ্গ এবং একজন অ-মার্কিন নভোচারী একসঙ্গে অংশ নিচ্ছেন—যা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

 

 

প্রথমে ফেব্রুয়ারিতে উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও কারিগরি জটিলতার কারণে কয়েক দফা সময়সূচি পরিবর্তন করা হয়। তবে নাসার কর্মকর্তারা জানিয়েছেন, এখন সব প্রস্তুতি সম্পন্ন এবং আবহাওয়াও অনুকূলে রয়েছে।

যদি নির্ধারিত দিনে উৎক্ষেপণ সম্ভব না হয়, তবে ৬ এপ্রিলের মধ্যে পুনরায় মিশন চালুর সুযোগ থাকবে।

এদিকে, ব্যয় বৃদ্ধির কারণে আর্টেমিস প্রকল্প নিয়ে আলোচনা থাকলেও দ্রুত অভিযান শুরুর জন্য চাপ দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই চাঁদে মার্কিন নভোচারীদের পদচিহ্ন দেখতে চান বলে জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা