নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে আগামী চার বছরের মধ্যে দেশব্যাপী ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জানিয়েছে সরকার।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে এই দায়িত্ব আধুনিক ও ডিজিটাল কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
তিনি ব্যাখ্যা করেন, এই কর্মসূচির মূল লক্ষ্য ব্যক্তি নয়, পরিবারকে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা। বিশেষ করে পরিবারের নারী সদস্যের হাতে এই কার্ড তুলে দেওয়া হলে তা সন্তানের শিক্ষা, পুষ্টি, চিকিৎসা ও পারিবারিক কল্যাণে বেশি কার্যকরভাবে ব্যবহৃত হয়।
সরকারপ্রধান আরও জানান, বর্তমানে দেশে ৯৫টির বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু থাকলেও কাঙ্ক্ষিত হারে দারিদ্র্য কমেনি। তাই নতুন এই উদ্যোগের মাধ্যমে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করা হবে।
এছাড়া, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ৩টি সিটি কর্পোরেশন ও ১৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে কর্মসূচি চালু করা হয়েছে, যেখানে প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে আরও ৩০ হাজার পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।