হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে নতুন করে কড়া মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়নি, তাদের নিজেদের জ্বালানির ব্যবস্থা নিজেরাই করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, জ্বালানি সংকটে পড়া দেশগুলো চাইলে যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে পারে। তবে প্রয়োজনে তাদের হরমুজ প্রণালিতে গিয়ে নিজেরাই তেল সংগ্রহের উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে সব সময় অন্য দেশের পাশে দাঁড়াবে না যুক্তরাষ্ট্র। প্রতিটি দেশকে নিজেদের স্বার্থ রক্ষায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বাড়ছে, অন্যদিকে ইরানের শক্তি দুর্বল হচ্ছে।
তিনি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং ইরানকে দ্রুত সমঝোতায় আসার আহ্বানও জানিয়েছেন তিনি।