আসন্ন অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর পাশাপাশি শুল্ক ও কর কাঠামো আরও যৌক্তিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁও-এ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপলক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী বাজেটে সীমিত পরিসরে উত্তরাধিকার কর চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ২০২৭-২০২৮ অর্থবছর থেকে উচ্চ আয়ের করদাতাদের জন্য আয়কর হার ৫ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।
এনবিআর চেয়ারম্যান জানান, ২০১৪ সালে টিআইএনধারীর সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ, যা বিভিন্ন সেবায় টিআইএন বাধ্যতামূলক করার ফলে গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছর আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় করদাতাদের অংশগ্রহণ আরও বেড়েছে।
তিনি আরও বলেন, কর আদায় বাড়াতে ধাপে ধাপে প্রণোদনা ব্যবস্থা চালু করা হবে। প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে বিশেষ সুবিধা দেওয়া হবে, দ্বিতীয় প্রান্তিকে জমা দিলে নিয়মিত করদাতা হিসেবে বিবেচনা করা হবে। তবে তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রিটার্ন দাখিলকারীদের অতিরিক্ত কর দিতে হতে পারে।