প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফুয়েল কার্ড নিতে গিয়ে আলমডাঙ্গায় বৃদ্ধের মৃত্যু

ফুয়েল কার্ড নিতে গিয়ে আলমডাঙ্গায় বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা-তে ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে বখতিয়ার (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বখতিয়ার উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা এবং হাজী রফি উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই মাঠে মানুষের ব্যাপক ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

বানী ইসরাইল, অফিসার ইনচার্জ (ওসি), জানান—বখতিয়ার হৃদরোগে আক্রান্ত ছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, অতিরিক্ত গরম ও ভিড়ের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা