জ্বালানি তেল সরবরাহ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জে শুরু হয়েছে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়-এর সামনে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
কার্যালয়ের নিচতলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ) অফিসে প্রশাসনের তত্ত্বাবধানে এই কার্ড বিতরণ চলছে। সকাল থেকেই শত শত যানবাহনের চালক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করছেন।
বিআরটিএ সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নাঈম হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে কার্ড প্রদান করা হচ্ছে।
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আখিরুজ্জামান বলেন, ফুয়েল কার্ড নিতে কোনো ফি লাগছে না। গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, জাতীয় পরিচয়পত্র ও ছবি জমা দিলেই কার্ড দেওয়া হচ্ছে। পেশাভেদে সপ্তাহে কতটুকু তেল প্রয়োজন, তা নির্ধারণ করে দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে।