প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাসের পরিকল্পনা সরকারের

অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাসের পরিকল্পনা সরকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬

দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় অনলাইন ও অফলাইনের সমন্বয়ে (ব্লেন্ডেড) শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, রমজানের ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান বিঘ্নিত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি কিছু ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, এক জরিপে দেখা গেছে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু করলে শিক্ষার্থীদের সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সরকার মনে করছে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ এগোচ্ছে এবং আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর ওপর গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এছাড়া মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস, বৈদ্যুতিক যান, মেট্রোরেল এবং সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার মতো বিকল্প উদ্যোগও বিবেচনা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা