ইরানের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ ঘোষণা দেন।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মাদ্রিদে সাংবাদিকদের তিনি বলেন—ইরান যুদ্ধসংক্রান্ত কোনো সামরিক কার্যক্রমে স্পেন তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না।
এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে অভিযানে যাওয়ার সময় মার্কিন সামরিক বিমানগুলোকে এখন বিকল্প রুট ব্যবহার করতে হবে, কারণ ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও স্পেন এই বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে জানা গেছে।
স্পেনের অর্থমন্ত্রী কার্লস কুয়েরপো বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী এমন একতরফা যুদ্ধে অংশ না নেওয়ার নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর ইরান হামলার তীব্র সমালোচনা করে এসবকে “বেপরোয়া ও অবৈধ” বলে উল্লেখ করেন।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প স্পেনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মাদ্রিদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
এদিকে আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হতে পারে। তিনি বিশেষভাবে খার্গ দ্বীপসহ তেল ও বিদ্যুৎ স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেন।
ট্রাম্প দাবি করেন, আলোচনা এগোলেও দ্রুত সমঝোতা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।