প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহে হামের প্রকোপ বাড়ছে, নতুন করে ভর্তি ৬ শিশু

মমেকে হামের প্রকোপ বাড়ছে, নতুন করে ভর্তি ৬ শিশু—মোট আক্রান্ত ১০৮
তাসকিন আহমেদ তানজিদ,জু/মা/জা
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬

ময়মনসিংহের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নতুন করে হামে আক্রান্ত আরও ছয় শিশুকে ভর্তি করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রোগী ভর্তি হয়।

বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত শিশু রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। নির্ধারিত শয্যার তুলনায় বেশি রোগী থাকায় অনেক ক্ষেত্রে এক বিছানায় দুই শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে, আবার কেউ কেউ মেঝেতেও চিকিৎসাধীন রয়েছে।

 

 

 

 

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশি বা সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, চোখ ও মস্তিষ্কে প্রদাহসহ নানা জটিলতা দেখা দিতে পারে, যা জীবনঝুঁকি বাড়ায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ৩০ মার্চ সকাল পর্যন্ত মোট ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে হাসপাতালে ৬৮ জন শিশু চিকিৎসা নিচ্ছে।

 

 

 

 

পরিস্থিতি মোকাবিলায় ২৪ মার্চ হাসপাতাল প্রশাসন তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করেছে। শিশু ওয়ার্ডের তিনটি কক্ষে ‘হাম/মিসেলস কর্নার’ নামে ১০ শয্যাবিশিষ্ট ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোগীর সংখ্যা বেশি হওয়ায় এসব কক্ষেও সংকুলান হচ্ছে না।

হাম আক্রান্তদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, হাসপাতালের ৮ তলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে, যেখানে অক্সিজেন সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।

হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, হাম আক্রান্ত হয়ে ইতোমধ্যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং প্রতিদিন নতুন রোগী বাড়ছে।

 

 

 

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহ্‌মেদ জানান, জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সদস্যবিশিষ্ট বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেখানে বর্তমানে ২২ জন সন্দেহজনক রোগী ভর্তি ছিল, যাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর ছয়জন এখনও চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা