প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় গমের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

কাউনিয়ায় গমের বাম্পার ফলনে চাষির মুখে হাসি
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬

রংপুরের কাউনিয়া উপজেলা-তে চলতি মৌসুমে আমন ধান, সরিষা, ভুট্টা ও আলুর ভালো ফলনের পর এবার গমের বাম্পার ফলনে কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তিস্তা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামে এখন কৃষকরা গম কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে তিস্তা নদীর চরাঞ্চল ঘুরে দেখা যায়, একসময় যেখানে গম চাষের প্রচলন কমে গিয়েছিল, সেখানে আবার নতুন করে গম চাষে আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগের পরামর্শ ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এবার উৎপাদন আশানুরূপের চেয়েও বেশি হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।

ভুতছাড়া গ্রামের কৃষক জাহের আলী বলেন, অগ্রহায়ণ ও পৌষ মাসে গমের বীজ বপন করা হয় এবং ফাল্গুনের শেষ থেকে চৈত্রের শুরুতে কাটার কাজ শুরু হয়। ইতোমধ্যে অনেক এলাকায় গম কাটা শুরু হয়েছে এবং ফলন ভালো হওয়ায় কৃষকদের মাঝে সন্তুষ্টি দেখা যাচ্ছে।

একই গ্রামের কৃষক হাবিবুর রহমান জানান, তিনি ১৬ শতক জমিতে গম চাষ করেছেন এবং ভালো ফলনের আশা করছেন। তবে বাজারদর নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। অন্য কৃষক শামছুল আলম বলেন, উন্নত বীজ, প্রশিক্ষণ ও সহজ ঋণ সুবিধা পেলে গম চাষ আরও বাড়ানো সম্ভব।

ঢুসমারা চরের কৃষক তাজুল ইসলাম জানান, চরের জমিতে পলি জমার কারণে সারের প্রয়োজন কম হয়, ফলে গম চাষে খরচও তুলনামূলক কম পড়ে। এতে কৃষকেরা লাভবান হচ্ছেন। তবে গম চাষ বৃদ্ধিতে কৃষি বিভাগের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তিনি মনে করেন।

উপসহকারী কৃষি কর্মকর্তারা জানান, উন্নত জাতের বীজ ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে গমের ভালো ফলন পাওয়া সম্ভব। তবে বেশি লাভজনক হওয়ায় অনেক কৃষক ভুট্টা ও তামাক চাষের দিকে ঝুঁকছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬৫ হেক্টর জমিতে, যেখানে উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ৯৮১ মেট্রিক টন। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের বীজ ও সারসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে মাড়াইয়ের সমস্যা ও অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভের কারণে অনেকেই গম চাষে আগ্রহ হারাচ্ছেন। তবুও যারা চাষ করেছেন, তারা এবার ভালো ফলনের আশা করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা