প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদের ছুটিতেও থেমে নেই কাজ, বাসভবন থেকেই দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর-এর সরকারি ছুটির মধ্যেও দাপ্তরিক কাজে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী গুলশান-এর বাসভবন থেকে তিনি জরুরি সরকারি কার্যক্রম পরিচালনা করছেন এবং দেশের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদের ছুটি চললেও প্রধানমন্ত্রী নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে খাল খনন প্রকল্পসহ চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে নিয়মিত আপডেট নিচ্ছেন তিনি।

এছাড়া নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে বিভিন্ন সিটি করপোরেশন-এর মেয়র ও প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী।

ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়েও তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও তিনি সচিবালয়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন এবং ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা