পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর মানুষ। শেষ কর্মদিবস হওয়ায় বুধবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ দেখা গেছে উপচেপড়া ভিড় ও চিরচেনা ব্যস্ততা।
ভোর থেকেই যাত্রীদের আনাগোনা বাড়তে থাকে এই গুরুত্বপূর্ণ নৌ-বন্দরে, যা দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। পরিবারের সদস্যদের সঙ্গে কিংবা ভারী লাগেজ কাঁধে নিয়ে যাত্রীরা ছুটছেন নিজ নিজ গন্তব্যের লঞ্চে। বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চাঁদপুরগামী লঞ্চগুলোতে তিল ধারণের জায়গা নেই।
যাত্রীসেবার মান উন্নয়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রবীণ, নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিনামূল্যে কুলি সেবা ও হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে, যা নির্দিষ্ট সময় পর্যন্ত চালু থাকবে।
তবে অতিরিক্ত ভিড়ের কারণে পন্টুনে ওঠানামার সময় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে লঞ্চের ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানোর অভিযোগও রয়েছে। এতে নারী ও শিশুদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবুও নৌ পুলিশ, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু চালুর পর স্বাভাবিক সময়ে নৌপথে যাত্রী চাপ কম থাকলেও ঈদের সময় তা কয়েকগুণ বেড়ে যায়। এদিন সদরঘাট থেকে প্রায় ৭০-৭৫টি লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ভাড়ার ক্ষেত্রেও স্বস্তির চিত্র দেখা গেছে। ঢাকা-বরিশালসহ বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তেমন পাওয়া যায়নি।
নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঘাটজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। কিছুটা ভিড় ও চাপ থাকলেও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নদীপথে যাত্রা শুরু করেছেন হাজারো মানুষ।