প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বর্জ্য অপসারণে আসছে আধুনিক প্রযুক্তি: নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতির পাশাপাশি আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রকৌশলীদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বর্জ্য অপসারণ কার্যক্রম আরও জোরদার করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-কে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ডিএসসিসি প্রশাসক জানান, রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কিছু অগ্রগতি হলেও প্রধানমন্ত্রী এতে পুরোপুরি সন্তুষ্ট নন। তিনি খাল-নর্দমা পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপলক্ষে বোনাস প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়।

দেশীয় প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানির পরিবর্তে দেশের প্রকৌশলী ও শিক্ষার্থীদের দক্ষতা কাজে লাগিয়ে স্থানীয়ভাবে প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম তৈরি করতে হবে।

ঈদকে সামনে রেখে নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক জানান, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল সংলগ্ন সড়কগুলো সংস্কার করা হয়েছে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা তদারকির জন্য পৃথক কমিটিও গঠন করা হয়েছে।

মশা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধুমাত্র ওষুধ প্রয়োগ নয়, খাল-নর্দমা পরিষ্কার ও সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধানের দিকে এগোনো হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু খাল পরিষ্কার ও খনন কার্যক্রম শুরু হয়েছে, যা বর্ষার আগেই আরও জোরদার করা হবে।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নগরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, পরিবহন ব্যবস্থা এবং ইলেকট্রিক থ্রি-হুইলার উন্নয়নে কারিগরি সহায়তা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান জানান, বর্জ্য অপসারণে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে এবং স্থানীয়ভাবে প্রয়োজনীয় প্রযুক্তি উন্নয়নে কাজ চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা