প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুরোনো মিত্রদের আচরণে আমি হতাশ: ট্রাম্প

ইরানের ওপর আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুরনো মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আহ্বানে সাড়া দেয়নি বেশ কয়েকটি মিত্র দেশ, যা নিয়ে হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এর ফলে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি পরিবহন হয়।

এ পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কাও তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো জার্মানি, স্পেন এবং ইতালি জানিয়েছে, তারা আপাতত সেখানে কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে না।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, তাদের সংবিধান অনুযায়ী এমন পদক্ষেপ নিতে হলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন অথবা ন্যাটোর অনুমোদন প্রয়োজন। এছাড়া যুদ্ধ শুরুর আগে তাদের সঙ্গে পরামর্শও করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কিছু দেশ সহায়তার আশ্বাস দিলেও অনেক পুরনো মিত্র প্রত্যাশিত সহযোগিতা দেখায়নি। “আমরা বহু বছর ধরে যেসব দেশকে সহায়তা করেছি, তারা এখন সেই আগ্রহ দেখাচ্ছে না,”—বলেন তিনি।

বিশ্লেষকরা মনে করছেন, এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে মতপার্থক্য বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা