প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি এমন কাজ করছে যা দেশের মানুষের কল্যাণে হবে। দেশের কৃষকরা ভালো থাকলে সমগ্র বাংলাদেশও উন্নত ও সমৃদ্ধ হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর মৌজার সাহাপাড়ায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে স্থানীয় বিএনপির আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে দেশের ৫৩টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, “খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ ও সমস্যা সমাধান সম্ভব হবে। বর্ষার পানি কৃষকের কাজে ব্যবহার করতে হলে তা ধরে রাখতে হবে। আল্লাহ আমাদের দেশে ধান, চালসহ মৌলিক খাবার উৎপাদনের ব্যবস্থা দিয়েছেন।”
তিনি আরও জানান, সরকার ইতিমধ্যেই ৩৭ হাজার মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে। মায়েদের মতোই কৃষকদের জন্যও কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। “আমরা চাই আমাদের কৃষকরা ভালো থাকুক, তাদের কল্যাণ নিশ্চিত হোক।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা কৃষিভিত্তিক শিল্পকারখানার মালিকদের সঙ্গে বসে আলোচনা করব, কৃষিনির্ভর আরও কোন কোন শিল্প গড়ে তোলা যায় তা নিয়ে সিদ্ধান্ত নেব।”
এর আগে সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছান। এরপর সড়কপথে তিনি খাল খনন কর্মসূচির স্থানীয় মাঠে যান। সাহাপাড়ায় নিজেই কোদাল হাতে খাল খননে অংশ নেন প্রধানমন্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, খাল খননের ফলে পানির সমস্যা সমাধান হবে এবং কৃষির উন্নয়ন ত্বরান্বিত হবে। উপস্থিতদের মধ্যে এ কার্যক্রমকে ঘিরে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।