ইরানি ড্রোনের আঘাতে বিস্ফোরণ ও বড় অগ্নিকাণ্ডের কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সীমিত আকারে কার্যক্রম শুরু করেছে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর, দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্ট। দুবাইয়ের স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ফ্লাইট অপারেশন পুনরায় চালু হয়।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (DXB) এবং দুবাই জনসংযোগ দপ্তর উভয়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। DXB-এর টুইটবার্তায় জানানো হয়েছে, আপাতত সীমিত পরিসরে কার্গো বিমান ও জরুরি বাণিজ্যিক ফ্লাইটগুলো চলছে। পাশাপাশি কিছু ফ্লাইট আল মাকতুম বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে। বাতিল হওয়া অন্যান্য ফ্লাইটও পর্যায়ক্রমে চালু হবে।
গত রোববার মধ্যরাতে ইরানি ড্রোনের আঘাতে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং বিমানবন্দর এলাকায় ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর সমস্ত ফ্লাইট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে দুবাই প্রশাসন জানায় এটি অস্থায়ী ব্যবস্থা।
বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম। প্রতিদিন এখানে হাজার হাজার ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করে, যাত্রীদের সঙ্গে বিশ্বের নানা স্থানে যোগাযোগ স্থাপিত হয়।