মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। প্রণালিটি নিরাপদ ও চালু রাখতে এবার চীনের সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনকে এ বিষয়ে এগিয়ে আসা উচিত, কারণ তাদের জ্বালানি চাহিদার বড় অংশই এই জলপথের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, চীন তাদের মোট তেলের প্রায় ৯০ শতাংশ এই প্রণালির মাধ্যমে পেয়ে থাকে। তাই এ নৌপথ নিরাপদ রাখতে তাদেরও ভূমিকা রাখা প্রয়োজন। একই সঙ্গে বেইজিং সফরের আগে চীনের অবস্থান পরিষ্কার হওয়া দরকার বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে হরমুজ ইস্যুতে ট্রাম্প তার ন্যাটো মিত্রদেরও সতর্ক করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত রাখতে সহযোগিতা না করলে ভবিষ্যতে পরিস্থিতি জটিল হতে পারে।
এরই মধ্যে প্যারিসে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং-এর মধ্যে দুই দিনব্যাপী আলোচনা শুরু হয়েছে। বাণিজ্য বিরতি কার্যকর করা এবং মার্চের শেষ দিকে ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরকে সামনে রেখে এই আলোচনা চলছে।
ট্রাম্প বলেন, যারা এই নৌপথ থেকে সবচেয়ে বেশি সুবিধা পায়, তাদেরই এর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা উচিত।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার জেরে ইরান জাহাজ চলাচলের ওপর আক্রমণ শুরু করলে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান ট্রাম্প। তিনি জানান, এতে মাইন অপসারণকারী জাহাজসহ ড্রোন ও নৌ-মাইন মোকাবিলার সামরিক সরঞ্জামও থাকতে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, প্রয়োজনে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড-এও হামলা চালানো হতে পারে।
উল্লেখ্য, বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ ইরান ও ওমান-এর মধ্যবর্তী এই সংকীর্ণ হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। ফলে সেখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।