পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের আগে তিন দিন এবং ঈদের পরের তিন দিন— অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস পণ্য, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কের পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যান চলাচল নির্বিঘ্ন রাখা যায়।
যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন ১৬১০৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭ নম্বরেও যোগাযোগ করা যাবে।