দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে দিনাজপুর সফরে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে তিনি বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছান।
বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হন।
জানা গেছে, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে তিনি দেশব্যাপী খাল খনন কর্মসূচির সূচনা করবেন। একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন।
অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থান-এ গিয়ে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করবেন। সেখানে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের জন্য দোয়া করবেন।