প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবর্ষণ, গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কোপানোর ঘটনাও ঘটে বলে জানা গেছে।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণে গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হয়েছে।

ঘটনার সময় পথচারীরা হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ–এর রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম। তিনি জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজনকে আটক করা হলেও হামলার সঙ্গে জড়িত আরও দু’জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির পাশাপাশি আহত ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা