জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদের ভেতরেই সমাধান করতে চায়। তবে সংসদে এর সুষ্ঠু সমাধান না হলে, রাজপথে আন্দোলনের আশঙ্কা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৫ মার্চ) সংসদের অধিবেশন মুলতবি হওয়ার পর সংসদ ভবনের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “স্পিকারের অনুরোধ অনুযায়ী আমরা নিয়ম অনুযায়ী নোটিশ দেব। আমরা আন্তরিকভাবে চাই বিষয়টি সংসদেই সমাধান হোক। তবে সংসদে স্বাভাবিক সমাধান না হলে বাধ্য হয়ে রাজপথে যেতে হবে। যদিও আমরা তা চাই না।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি কার্যউপদেষ্টা কমিটির আলোচনার প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি সরাসরি ভিন্নমত পোষণ করেন। “এটি কার্যউপদেষ্টা কমিটির বিষয় নয়, এটি সরাসরি সংসদের বিষয়। আমরা চাই সংসদেই এর চূড়ান্ত সমাধান হোক।”
সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের বিধান নেই—সরকারি দলের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, “সংবিধানে ২০২৬ সালে কোনো ভোটের কথা ছিল না, কিন্তু রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে তা হয়েছে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই—রাষ্ট্রপতির আদেশের একটি অংশ সংবিধানের বাইরে গেলেও তা মানা হবে, আর অন্য অংশ মানা হবে না, এটা যায় না। মানলে সব মানতে হবে, না হলে কোনোটিই নয়।”
তিনি আরও উল্লেখ করেন, জনগণের ইচ্ছাই সর্বোচ্চ সংবিধান। গণভোটে সংস্কারের প্রস্তাব জয়ী হয়েছে। “এখন পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা বিশ্বাস করি সরকার জনগণের ম্যান্ডেটকে সম্মান দিয়ে আমাদের দাবি মেনে নেবে।”