মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ সহযোগিতার বিনিময়ে ইউক্রেন আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রত্যাশা করছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ইউক্রেন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের চারটি দেশে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। প্রতিটি দলে কয়েক ডজন বিশেষজ্ঞ রয়েছেন, যারা সেখানে গিয়ে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে কার্যকরভাবে পরিচালনা করা যায় তা মূল্যায়ন ও প্রদর্শন করবেন।
তিনি জানান, এসব বিশেষজ্ঞ সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন এবং ড্রোন হামলা মোকাবিলায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে পরামর্শ দেবেন।
জেলেনস্কি আরও বলেন, এই সহযোগিতার বিনিময়ে ইউক্রেন আর্থিক সহায়তা ও নতুন প্রযুক্তি পেতে চায়। এতে দেশটির নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাও আরও শক্তিশালী হবে।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাকস তার ‘অল-ইন’ পডকাস্টে বলেন, চলমান সংঘাতে ইসরায়েল ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে।
তার মতে, যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তাকে বড় ঝুঁকির মুখে ফেলবে। তিনি আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল করা গেছে, তাই এখনই সমঝোতা বা যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানো উচিত।
অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যেই শেষ করার পরিকল্পনা করছে তেলআবিব। দেশটির সেনাপ্রধানের মতে, এপ্রিলের শুরুতে পাসওভার উৎসবের সময়ের কাছাকাছি এই অভিযান শেষ হতে পারে।